রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (২১ জানুয়ারী) রাত ১১টায় চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করা সহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।
এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলসী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুই ছাইন চৌধুরীকে গতকাল গ্রেফতার করা হয়। আজ ২১ জানুয়ারী রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

